‘গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে প্রতিহিংসা নেই’
গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সরকারের ‘ব্যক্তিগত প্রতিহিংসার’ অভিযোগ আনা হলেও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা তা নাকচ করে বলেছেন, ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানকে গুলিয়ে ফেলা সঙ্গত নয়।
শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ আয়োজিত সংলাপে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক ও প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
এ ছাড়াও অন্য দুই প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন।
গ্রামীণ ব্যাংকের কাঠামো পাল্টানোর সুপারিশ এই প্রতিষ্ঠানটির কল্যাণে নাকি মুহাম্মদ ইউনূসের প্রতি প্রতিহিংসার বহিঃপ্রকাশ- এক দর্শকের এমন রাখেন আলোচকদের সামনে।
জবাবে ওসমান ফারুক বলেন, “অনেকাংশে এটি ব্যক্তিগত প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমার দুঃখ হয় এই কারণে যে অর্থমন্ত্রী মুহিতের মতো প্রাজ্ঞ ব্যক্তি, মসিউর রহমান সাহেবের মতো প্রাজ্ঞ ব্যক্তি তারা এই অবস্থানে থেকে এ ধরনের একটি ব্যক্তিগত প্রতিহিংসাপ্রসূত বিষয়ে কাজ করছেন।”
এতে সরকারের কী লাভ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটা সরকারই ভাল বলতে পারবে। গ্রামীণ ব্যাংক তো এমন কোনো মিসম্যানেজমেন্ট দেখায়নি, লোকসান দেখায়নি, লাভজনক একটি প্রতিষ্ঠান, বিপুল পরিমাণ মহিলা এখানকার শেয়ারহোল্ডার। কাজেই সরকারকে এটা বলতে হবে কী উদ্দেশ্যে এটা করছে।”
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হয়। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে।
এরপর ২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে সম্প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে, যা নিয়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিশন গঠন করে সরকার। সম্প্রতি কমিশন তাদের প্রতিবেদনে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
সরকারি ব্যাংকগুলোতে দুর্নীতির অভিযোগ তুলে ওসমান ফারুক বলেন, “সরকারের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটি দেউলিয়া, প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুর্নীতি চলছে। সোনালী ব্যাংক রয়েছে, রূপালী ব্যাংক- সেগুলো ওনারা পুনর্গঠন করছেন না। সেগুলোর জন্য ওনারা ইন্ভেস্টিগেট করছেন না।”
তাই এই প্রক্রিয়া বন্ধের দাবি জানানা বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
তিনি বলেন, “কারণ এটা শুধু সরকারের আপত্তি না, বাইরে দেশের ভাবমূর্তি এতে জড়িত রয়েছে। প্রফেসর ইউনূস একজন ফেলে দেয়ার লোক নন। কোনোদিন সুদখোর বলবেন, কোনোদিন এইটা বলবেন ওইটা বলবেন।”
প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ওসমান ফারুকের ব্যক্তিগত প্রতিহিংসার অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, “গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। ওনার যখন অবসর নেয়ার বয়স হয়েছে সে সময় তিনি অবসরে গেছেন। অবসরের আইন অনুসারে তিনি গেছেন। এগুলো নিয়ে আমার মনে হয় না কোনো বিতর্ক বা কনফিউশনের প্রশ্ন আছে।”
“ড. ইউনূসের প্রতি আমাদের অনেকেরই ব্যক্তিগত শ্রদ্ধা আছে। আমরা সে শ্রদ্ধা নিয়ে থাকি। কিন্তু তার সাথে এই প্রতিষ্ঠানকে গুলিয়ে ফেলা বোধহয় সঙ্গত হবে না।”
এই বিষয়ে কারো কোনো বক্তব্য বা দ্বিমত থাকলে এর জন্য গঠিত কমিশনের কাছে তাদের মতামত দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যাপক এম শাহিদুজ্জামান এ বিষয়ে বলেন, “হঠাৎ করেই বিষয়টিকে সামনে নিয়ে আনার মানে হচ্ছে ড. ইউনূসকে বিব্রত করা। এর সুদূরপ্রসারী কোনো উদ্দেশ্য রয়েছে।”
আর এ প্রসঙ্গে সারা হোসেনের বক্তব্য, “সরকার এটাকে (গ্রামীণ ব্যাংক) গ্রাস করতে চাইছে। এর অলাভজনক প্রতিষ্ঠানগুলোও গ্রাস করার চেষ্টা চলছে। একজনকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।”
সংলাপে তত্ত্বাবধায়ক সরকার, প্রস্তাবিত টিকফা চুক্তি এবং জাতীয় সংসদে বক্তব্য দেয়ার সময় শব্দ ব্যবহারে নিষধাজ্ঞা আরোপের বিষয় নিয়েও আলোচনা হয়।
পুরো সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।
