২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পৌরসভার দেড়শ বছরের অনুষ্ঠানে ৫ মন্ত্রীর মধ্যে উপস্থিত একজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত চট্টগ্রাম পৌরসভার দেড়শ বছরপূর্তির অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলামসহ পাঁচ মন্ত্রীর থাকার কথা বলা হলেও ছিলেন মাত্র একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 10:49 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

কর্পোরেশনের সাবেক তিন মেয়রের দুজন, মহানগরীর চার সংসদ সদস্যের তিনজন অনুষ্ঠানে ছিলেন না।

শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা থাকলেও নগর বিএনপির কোনো নেতাও ছিলেন না।

এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ‍উল্লেখ করা ছিল।

প্রধান অতিথি না আসায় মন্ত্রীদের মধ্যে উপস্থিত আফসারুল আমীনই প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত চট্টগ্রামের দুই সংসদ সদস্য হাসিনা মান্নান ও মাহজাবীন মোরশেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়, রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় এলজিআরডি মন্ত্রী অনুষ্ঠানে আসতে পারেননি।

তবে অন্য মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে যোগ দেন।

তবে ১৯৮৯ সালের ৩০ অগাস্ট চট্টগ্রাম পৌরসভা সিটি কর্পোরেশনের রূপান্তরিত হওয়ার পর মেয়রের দায়িত্ব পালন করা জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং পরের মেয়র বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনও অনুষ্ঠানে আসেননি।

চট্টগ্রামে বিএনপির দুই শীর্ষনেতা নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

বর্তমান মেয়র এম মনজুর আলম ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে হারিয়ে দেন তিন বারের মেয়র  মহিউদ্দিন চৌধুরীকে।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক ও কর্পোরেশনের কর্মকর্তা মিলিয়ে মোট ১৭ জন বক্তব্য দেন।