সাভারে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার
সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে বনগ্রাঁম এলাকা থেকে শারমীন আক্তারের (২২) লাশ উদ্ধারের পর তার স্বামী আজিজুল হক (২৮)কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান।
এক ছেলে ও মেয়ের জননী নিহত শারমীন সাভারের বনগ্রাঁম এলাকার সামেদ মিয়ার মেয়ে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শারমীনকে শুক্রবার রাতে মারধর করেন আজিজুল।
সকালে ঘরের অাড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো স্ত্রীর ঝুলন্ত লাশ দেখিয়ে তা আত্মহত্যা বলে সবাইকে জানায় আজিজুল।
তবে শারমীনকে হত্যার সন্দেহ করে আজিজুলকে আটকে রেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
