নিখোঁজের দু’দিন পর নারীর লাশ উদ্ধার
বরিশাল, জুন ২১—দু’দিন ধরে নিখোঁজ থাকা বরিশালের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে কাশিপুর ইছাকাঠী খাল থেকে উদ্ধারকৃত রুমানা আক্তার সাথীর (২৫) লাশ ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল নগর পুলিশের বিমান বন্দর থানার এসআই সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকে রশি বাঁধা ছিল।
পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর রশি দিয়ে টেনে লাশ খালে ফেলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার পরে নগরীর বিসিক এলাকা থেকে নিখোঁজ হন সদর উপজেলার কড়াপুর এলাকার মৃত আদম আলী খানের মেয়ে রুমানা।
তিনি নগরীর বিসিক এলাকার জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের কর্মী ছিলেন।
পারিবারিক বিরোধের জেরে ৩ মাস আগে রুমানার সাথে তার স্বামী মফিজুল ইসলাম টিটুর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুমানা।
বিমান বন্দর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিবাহ বিচ্ছেদ হলেও প্রায়ই রুমানাকে নানাভাবে হুমকি দিত টিটু।
নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাতে বিমান বন্দর থানায় একটি অপহরণ মামলা করেন রুমানার ভাই শহিদুল ইসলাম।
ওসি বলেন, এতে টিটুকে প্রধান আসামি করা হয়েছে।
মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে বলেও জানান ওসি।
