রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরের পীরগাছা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন।
পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, শনিবার দুপুরে রংপুর-পীরগাছা সড়কের লোহার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসমত আলী (৪৫) সেভেন রিং সিমেন্টের আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি ঝিনাইদহে।
প্রতিষ্ঠানটির রংপুর বিভাগের ব্যবস্থাপক জিয়াউল হক মৃতদেহটি সনাক্ত করেন। লাশটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মকবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌনে ১টার দিকে পীরগাছাগামী ঢাকা মেট্রা চ-৬১৫৪ বাসের সঙ্গে হাসমত আলীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হাসমত নিহত হন।
“দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কটি অবরোধ করে রেখেছে।”
দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানান তিনি।
