তমালিকাকে নিউ ইয়র্ক পার্লামেন্টের সম্মাননা
যুক্তরাষ্ট্রে বাঙালি সংস্কৃতির বিকাশে অবদানের জন্য অভিনেত্রী তমালিকা কর্মকারকে সম্মাননা জানিয়েছে নিউ ইয়র্ক পার্লামেন্ট।
এছাড়া মূলধারার রাজনীতিতে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশি আকতার হোসেন বাদলকেও সম্মাননা জানানো হয়েছে।
শুক্রবার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে উৎসবমুখর পরিবেশে তমালিকার হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন পার্লামেন্ট সদস্য লুইস আর সেপুলভেদা।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত তমালিকা বলেন, “জাতীয় পুরস্কারসহ আমি জীবনে বহু পুরস্কার পেয়েছি। কিন্তু দেশের বাইরে বিশেষ করে নিউ ইয়র্ক পার্লামেন্ট থেকে পাওয়া এই স্বীকৃতি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
এ পুরস্কার বাংলাদেশের অভিনয় শিল্পীদের আরো ভালো কাজ কার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন এই অভিনেত্রী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির আইনজীবী রেশমা সুজানী, নাসরীন কে আহমেদ ও এন মজুমদার ছিলেন।
