২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক ভাংচুর, মহাসড়ক অবরোধ

সিলেটের পাঠানটুলায় অন্তত ৩০টি ট্রাক ভাংচুরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার রাত পৌনে ১০টা থেকে শহরের হুমায়ুন রশিদ চত্বরে প্রায় একঘণ্টা অবরোধের ফলে ঢাকা-সিলেট রুটে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে।

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে ওই এলাকায় ট্রাক চাপায় এক সিএনজি আটোরিকশাযাত্রী নিহত হন। পরে এলাকাবাসী ওই সড়ক দিয়ে রাত নয়টার আগে কোনো ট্রাক না চালানোর দাবি তোলে।

“শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠানটুলা ও সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় ২০-২৫ জন যুবক সিলেট সুনামগঞ্জ সড়কে চলাচলকারী অন্তত ৩০টি ট্রাকে ভাংচুর চালিয়ে পালিয়ে যায়।”

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, ট্রাক ভাংচুরের সুরাহা না হলে শ্রমিকরা আরো কঠোর কর্মসুচি গ্রহণ করবে।

দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন বলেন, শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং আসামিদের ধরতে অভিযান চালানো হবে।