হুইপের ভাইকে ‘নাজেহাল’, আটক ১০
ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকার দলীয় এক হুইপের ছোটভাইকে নাজেহাল করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে চরবিষ্ণপুর ইউনিয়নের জয়বাংলা হাট এলাকায় এ ঘটনার সময় পুলিশ লিখন চৌধুরীর ১০ কর্মীকে আটক করে বলেও অভিযোগ করা হয়।
লিখন চৌধুরী আওয়ামী লীগ দলীয় হুইপ লিটন চৌধুরীর ছোটভাই।
এ ঘটনার জন্য লিখন চৌধুরী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে দায়ী করলেও তিনি তা অস্বীকার করেছেন।
এছাড়া পুলিশ বলছে, ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে ১০ জনকে আটক করে থানায় আনা হয়।
লিখন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ৩০/৩৫ জন কর্মীসমর্থক নিয়ে তিনি সদরপুরের কয়েকটি স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগ শেষ করে জয়বাংলা হাট এলাকার যুবলীগকর্মী মঞ্জুরের বাড়িতে তাদের দুপুরের খাবারের দাওয়াত ছিল বলে জানান তিনি।
দুপুর সাড়ে ১২টার দিকে জয়বাংলা হাট এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে একদল রায়ট পুলিশ তল্লাশির নামে তাদের গাড়িবহর আটকে অশোভন আচরণ করে।
এর প্রতিবাদ জানালে পুলিশ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে নয়টি মোটরসাইকেলসহ ১০ জন কর্মীকে থানায় নিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, পুলিশ ওই কর্মীর বাড়িতে গিয়ে উপস্থিত লোকজনকে ধাওয়া দিয়ে সমস্ত খাবার নষ্ট করে ফেলে।
লিখন চৌধুরী এ ঘটনার জন্য আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে দায়ী করেন।
“আগামী জাতীয় সংসদের নির্বাচনে আমি এই এলাকায় সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকমাস ধরে গণসংযোগ করছি। এতে বাধ সাধছেন কাজী জাফর উল্লাহ।
“তাঁর নির্দেশেই পুলিশ আমার গাড়ির বহরে হামলা চালায় এবং কর্মীদের আটক করেছে,” লিখনের দাবি।
লিখন বলেন, বিষয়টি ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমদকে বললে তিনি জানান- এটি ‘স্যারের (কাজী জাফরউল্লাহ)’ নির্দেশ। তাদের কিছুই করার নেই।
এ ব্যাপারে কাজী জাফরউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। ওই এলাকায় ৩০/৪০ জন অপরিচিত যুবক মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছিল।
এলাকার লোকজন অচেনা লোকদের এই মহড়ায় আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়।
সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস জানান, ওই এলাকায় ২৫/৩০ জন সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর জন্য মহড়া দিচ্ছে খবর পেয়ে পুলিশ ওইস্থানে যায়।
মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে। কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ থেকে নয়।
খাবার নষ্ট করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আদৌ এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।
জাফরউল্লাহ ও লিখন চৌধুরী এবার ফরিদপুরের চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুর এলাকার আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রতিযোগিতায় থাকতে পারেন বলে ধারণা করছে এলাকাবাসী।
