২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পৌরসভার দেড়শো বছর

চট্টগ্রাম পৌরসভার দেড়শো বছর পূর্তিতে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার বিকালে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চসিক মেয়র এম মনজুরুল আলম।

চট্টগ্রাম এমএ আজিজ আউটার স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি লালখান বাজার ইস্পাহানি মোড়, ওয়াসা মোড় হয়ে দামপাড়া এমএম আলী রোড হয়ে পুনরায় আলমাস সিনেমা হলের মোড় হয়ে আউটার স্টেডিয়ামে শেষ হয়।

দামপাড়া এমএম আলী রোডের মুখে ১৫০ বছর পূর্তির ফলকও উম্মোচন করেন মেয়র।

চসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, চসিক পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও ওয়ার্ড কাউন্সিলররা এতে অংশ নেন। এসময় বিভিন্ন বিভাগের কর্মীদের হাতে তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের প্রতিকৃতি ছিলো।

তিন দিনের অনুষ্ঠানসূচির মধ্যে শনিবার সকালে নগরীর দি কিং অব চিটাগাং-এ অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আরশাফুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ উপস্থিত থাকবেন।

এছাড়া স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন, সাবেক মেয়র, প্রশাসক ও চেয়ারম্যানদের সম্মাননাও দেয়া হবে এদিন।

শেষ দিনে রোববার কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা হবে।

১৮৬৩ সালের ২২ জুন তৎকালীন মিউনিসিপ্যাল কমিটি নামে যাত্রা শুরু হওয়া এ প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে মিউনিসিপ্যালিটি থেকে পৌরসভা এবং ১৯৮২ সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন উন্নীত হয়।

১৯৯০ সালে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নামে প্রতিষ্ঠা লাভ করে।