অনুপ চেটিয়া ‘ফিরতে’ রাজি, ভারতও ‘উদ্যোগী’
‘দেশে’ ফেরার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে কারাবন্দি উলফা নেতার অনুপ চেটিয়ার চিঠি নিয়ে আলোচনার মধ্যেই এ ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারত সরকার।
ভারতের বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটির একটি অংশের সঙ্গে এ সপ্তাহেই গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে যাচ্ছে ভারত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকতারা।
উলফার এই অংশের নেতারা বলছেন,২৫ জুন দিল্লিতে শুরু হতে যাওয়া ওই বৈঠকের আগেই অনুপ চেটিয়া ভারতে ফিরলে ভাল হয়।
উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অনড় থাকলেও সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া সরকারের সঙ্গে সমঝোতার পক্ষে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গৃহ সচিব জিডি ত্রিপাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যতো দ্রুত সম্ভব অনুপ চেটিয়াকে ফেরাতে চাই। এ ব্যাপারে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। সব চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”
এদিকে অনুপ চেটিয়াও বাংলাদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য করা আবেদন প্রত্যাহার করে ভারতে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
১৬ বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দি এই উলফা নেতা সম্প্রতি তার আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ সরকারকে একটি চিঠিও পাঠিয়েছেন।
কারা মহা পরিদর্শক আশরাফুল ইসলাম খান বলেন, “অনুপ চেটিয়া তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার জন্য সরকারের আছে আবেদন করেছেন। তার ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।”
চেটিয়া তার আবেদনে বলেছেন, “২০০৭ সালে আমার কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো আমাকে বন্দি জীবন কাটাতে হচ্ছে। আমাকে আর কতদিন এভাবে জেলে কষ্ট পেতে হবে? এর আগে আমি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলাম। কিন্তু এখন আর আমি সেটা চাইছি না। আমাকে মুক্তি দিন এবং দেশে ফিরে যাওয়ার সুযোগ দিন।”
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-উলফার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে রাখা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে।
এরই মধ্যে ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে তিন দফা আবেদন করেন অনুপ চেটিয়া। শরণার্থীর মর্যাদা পাওয়ার জন্য ২০০৮ সালে জাতিসংঘেও চিঠি লেখেন তিনি।
ভারত সরকার শুরু থেকেই চেটিয়াকে ফেরত চাইলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকার কথা বলা হয়। চলতি বছর দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ে ‘বহিঃসমর্পণ চুক্তি’ সই হওয়ার পর চেটিয়াকেও হস্তান্তরের ‘আইনি পথ’ তৈরি হয়।
উলফার সমঝোতাকামী অংশের নেতারাও শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে চেটিয়াকে আহ্বান জানিয়েছেন। তবে সম্প্রতি উজান আসামের মাটক ও মোরান সম্প্রদায় থেকে পরেশ বড়ুয়াপন্থী অংশটি বিপুল সংখ্যক সমর্থক সংগ্রহ করায় জটিলতার মধ্যে পড়েছে সরকারের শান্তি আলোচনা প্রক্রিয়া।
ওই দুই সম্প্রদায়ের মধ্যে পরেশ বড়ুয়ার প্রভাব কমিয়ে ভারসাম্য আনতে পারতেন অনুপ চেটিয়া, যার আসল নাম গোলাপ বড়ুয়া। কারণ পরেশ ও অনুপ দুজনেই মাটক।
বর্তমানে ভারত সরকার যে অবস্থানে আছে, তাতে কেবল শান্তি আলোচনায় সমর্থন দিলেই উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া এবং সমঝোতাকামী অন্য নেতাদের মতো মুক্তি পেতে পারেন অনুপ চেটিয়া।
কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা চালাতে রাজি হওয়ার কারণেই রাজখোয়া ও তার সমর্থকরা মুক্তি পেয়েছিলেন। অন্যদিকে আলোচনায় রাজি না হওয়ায় কারাগারেই থাকতে হচ্ছে মণিপুরী বিচ্ছিন্নতাবাদী নেতা আরকে মেঘেন ওরফে সানাইয়ামাকে।
ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান মেঘেনকেও উলফা নেতাদের মতো বাংলাদেশে আটক করা হয় এবং পরে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
রাজখোয়া বলেন, “অনুপ চেটিয়া যে শিগগিরই আমদের সঙ্গে আসছেন, তার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”
