২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ চেটিয়া ‘এখনই না’

বন্দি বিনিময়ে ‘বহিঃসমর্পণ চুক্তি’ সই হলেও আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে এখনই পাচ্ছে না ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরের পর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, অনুপ চেটিয়ার রাজনৈতিক আশ্রয়ের আবেদন সুপ্রিম কোর্টের বিবেচনাধীন থাকায় এই চুক্তির আওতায় এখনই তাকে ফিরিয়ে দেয়া যাচ্ছে না।

তিনি বলেন, কেবল ফৌজদারি মামলার বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত আসামিকেই এ চুক্তির আওতায় বিনিময় করা যাবে। রাজনৈতিক আশ্রয়প্রার্থী বা রাজনৈতিক বন্দিদের ক্ষেত্রে  ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না।

অনুপ চেটিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা যার কথা বলছেন, তিনি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। তার বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে।” 

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাওয়ার পর সরকার অনপু চেটিয়ার বিষয়টি ফয়সালা করবে বলে মন্ত্রী জানান। 

সংবাদ সম্মেলনের আগে মহীউদ্দীন খান আলমগীর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বেঠকে অংশ নেন এবং ‘বহিঃসমর্পণ চুক্তি’ ও সংশোধিত ভ্রমণ চুক্তিতে সই করেন।

Image
উলফা নেতা অনুপ চেটিয়া

উলফা নেতা অনুপ চেটিয়া

চুক্তির আওতায় ভারত প্রথম কাকে ফিরিয়ে নেবে জানতে চাইলে সুশীল কুমাল সিন্দে সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে তারা কোনো নাম প্রকাশ করতে চান না। 

“যাদের এই চুক্তির আওতায় ফিরিয়ে নেয়া হবে, তাদের নাম সরকারি পর্যায়ে জানানো হবে। আমরা এখনই গণমাধ্যমে কিছু বলছি না।

দুই দিনের সফরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পৌঁছান ভারতীয় মন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহীউদ্দীন খান আলমগীর তাকে স্বাগত জানান।

তারা চুক্তি স্বাক্ষরের আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর খসড়ায় অনুমোদন দেয়া হয়। ভারত সরকার গত বৃহস্পতিবারই এই খসড়ায় সম্মতি দেয়। 

বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনার ক্ষেত্রে বরাবরই উলফা নেতা অনুপ চেটিয়ার নাম আসায় তাকে হাতে পেলে ভারত বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে ধারণা করেন অনেকেই। তবে তার নিজের রাজ্য আসামের অনেকে মনে করেন, অনুপ চেটিয়া শেষ পর্যন্ত উলফা ও ভারত সরকারের মধ্যে সমঝোতা আলোচনায় অংশ নিতে পারেন। 

অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের দাবি, এই চুক্তির ফলে বাংলাদেশই বেশি লাভবান হবে। তার যুক্তি, ভারতের যতো অপরাধী বাংলাদেশে লুকিয়ে আছে, তার চেয়ে ‘অনেক বেশি’ বাংলাদেশি সন্ত্রাসী পালিয়ে ভারতে অবস্থান করছে।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের খুঁজে বের করতে ভারতের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।  

সুশীল সিন্দে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের খুঁজে বের করতে এবং তাদের কেউ ভারতে থাকলে তাদের ফেরত পাঠাতে তার দেশ সর্বাত্মক সহযোগিতা করবে। 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।

এই মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের ফাঁসি গত বছর ২৮ জানুয়ারি কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি সাতজনের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদও বিদেশে পালিয়ে আছেন। তাদের মধ্যে দুইজন ভারতে পালিয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হয়।

দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান। পলাতক খুনিদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে।