কালীগঞ্জে পৌর মেয়র হলেন বিএনপির লুৎফর
গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী লুৎফর রহমান।
বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার।
তিনি জানান, লুৎফর চশমা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ২৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমজাদ হোসেন স্বপন আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪০৬ ভোট।
নবগঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৯৬ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৪০১ এবং মহিলা ১৫ হাজার ৯৫ জন।
গাজীপুর সিটি নির্বাচনের পক্ষকাল আগে ওই জেলার কালীগঞ্জ পৌরসভায় নির্বাচন হলো।
