‘রাজনৈতিক নির্যাতনের’ অংশ হিসেবে জড়ানো হয়েছে: সাকা
‘রাজনৈতিক নির্যাতনের’ অংশ হিসেবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেকে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বৃহস্পতিবার জবানবন্দি দেন সালাউদ্দিন কাদের চৌধুরী।
এ সময় তিনি বলেন, “আমি রাজনৈতিক জুলুমবাজির শিকার হয়ে এ ট্রাইব্যুনালে এসে দাঁড়িয়েছি। রাজনৈতিক জুলুমবাজি দক্ষিণ এশিয়ায় কোনো উপন্যাসের ঘটনা না, তবে বিভিন্ন আমলে এর মাত্রা বেড়েছে।”
“ব্রিটিশ রাজত্বের সময় থেকে পাকিস্তান আমল পর্যন্ত রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃত রাজনীতিবিদদের উপর তেমন কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। পাকিস্তান শাসনের ২৩ বছরেও তেমনভাবে এ ধরনের অভিযোগ শোনা যায়নি।”
জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন ওঠেন, “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।”
তিনি আদালতের উদ্দেশ্যে বলেন, “আমি ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে ইতিহাস থেকে একটি ঘটনা উল্লেখ করতে চাই। প্রথম বিশ্বযুদ্ধের সময় খেলাফতে আন্দোলনের দুইজন নেতা মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলীকে গ্রেপ্তার করা হয়। সেই ব্রিটিশ আমলে মাওলানা মোহাম্মদ আলী দুই মাস ২৪ দিন ধরে আমার মতো সাফাই সাক্ষ্য দিয়েছিল।”
বিএনপির এই নেতা বলেন, “আজকে স্বাধীন দেশে তিনদিন জবানবন্দি দেয়ার পরই আমাকে বারবার টাইম ম্যানেজমেন্টের কথা শোনানো হচ্ছে। আমি আড়াই বছর ধরে জেলে রয়েছি।”
“এমনকি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গ্রেপ্তারের পরে বঙ্গবন্ধুর উপর কোনো শারীরিক নির্যাতন হয়েছে বলে শোনা যায়নি। তিনি নিজেও কখনো এমন কোনো দাবি করেননি, যা থেকে বোঝা তার উপর কোনো নির্যাতন হয়নি।”
এক পর্যায়ে তিনি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার কথা আদালতকে বলতে থাকেন।
সালাউদ্দিন কাদের বলেন, “ওইসময় আমাকে আমার ধানমণ্ডির বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় একজন ‘দেশপ্রেমিক’ আর্মি অফিসার আমার চোখ বেঁধে ফেলে এবং আমাকে পাঁচ ফুট বাই নয় ফুট সাইজের একটি কারাকক্ষে নিয়ে যাওয়া পর্যন্ত সেভাবেই রাখা হয়।”
আইনজীবী, প্রকৌশলী, ডাক্তারসহ সব পেশাজীবীদের স্বার্থরক্ষার জন্য সংগঠন থাকলেও রাজনীতিবিদদের স্বার্থসংশ্লিষ্ট কোনো সংগঠন না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “একমাত্র রাজনীতিবিদরাই নিজেরাই মাংশাসী প্রাণীদের মতো অন্যদের দিয়ে ক্ষুধা মেটাতে চায়।”
ফজলুল কাদের চৌধুরীর ছেলে হওয়ায় জন্মের পর থেকেই রাজনৈতিক অঙ্গনের মধ্যেই থাকার সুযোগ পেয়েছিলেন বলে জানান সালাউদ্দিন কাদের।
তিনি বলেন, “আমার বাবাকে বঙ্গবন্ধু তার বাসায় ভাত খেতে বলেছিলেন। ’৯০-র দশকে যখন হুলিয়ার জন্য আনোয়ার হোসেন মঞ্জু শপথ নিতে পারছিলো না, তখন আমি তাকে সংসদ ভবনের সাততলায় আমার জন্য বরাদ্দ একটি কক্ষে নিয়ে সারারাত রেখে পরদিন শপথ নেয়ার ব্যবস্থা করে দেই। তখন আমি বিএনপিও করতাম না, এনডিপি করতাম।”
“এই সামাজিক যোগাযোগের ব্যাপারটাই এখানে বলতে চেয়েছি আমি।”
জবানবন্দিতে তিনি আরো বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে নতুন এক ধরনের ‘হাইব্রিড’ ঐতিহ্য চালু হয়েছে। একে অপরের প্রতি সন্দেহের ভিত্তি এতে বেশি শক্তিশালী হয়ে উঠছে, যা বিষবাষ্প ছড়াচ্ছে, ডেকে আনছে সহিংসতা।
এ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রেখেই রোববার পর্যন্ত ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।
