ওজন মাপার যন্ত্রের নামে এলো ফটেকপিয়ার
ওজন মাপক যন্ত্রের ঘোষণা দিয়ে ৮৬টি পুরনো ফটোকপিয়ার মেশিন আমদানি করেছে চট্টগ্রামের আগ্রাবাদের একটি প্রতিষ্ঠান।
যোশি ট্রেডিং নামে ওই প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিতে এসব পণ্য আমদানি করে বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে পণ্যভর্তি কন্টেইনারের পরীক্ষা শেষে এ জালিয়াতি উদঘাটন করে শুল্ক কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার কন্টেইনারটি আটক করা হয়।
“যোশী ট্রেডিং ওজন পরিমাপক যন্ত্রের পরিবর্তে এসব পুরাতন ফটোকপিয়ার মেশিন আমদানি করায় তা জব্দ করা হয়েছে।”
তিনি জানান, আটক পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এসব পণ্যের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান খাতুনগঞ্জের শাইনি সিঅ্যান্ডএফ এজেন্টস।
এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শুল্ক কর্মকর্তা মাহমুদুল।
