গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীর খুনিদের গ্রেপ্তারের দাবি
গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থী জামিলা আক্তার রিক্তার (১৩) খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে শহরের স্টেশন রোডের এ মানববন্ধনে রিক্তার সহপাঠীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, আসামিদের নাম ধরে সদর থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ রিক্তা হত্যার কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
তারা অবিলম্বে ধর্ষক ও খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলার খোলাহাটি ইউপি চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, জেলা বাসদ সমন্বয়ক আহসান হাবীব সাঈদ, খোলাহাটি নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান আফজাল হক্কানী, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দুলু, নারী নেত্রী সাহেরা খাতুন প্রমুখ।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, খুনিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।
গত ১৫ জুন ভোরে সন্ত্রাসীরা মাদ্রাসায় যাওয়ার পথে খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই ছয়ঘরিয়া গ্রামের কাঠমিস্ত্রি জহুরুল ইসলামের মেয়ে ৬ষ্ট শ্রেণির ছাত্রী রিক্তাকে অপহরণ করা হয়।
তাকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ একই এলাকার সাজিনার বিলের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রেখে যায় র্দূবৃত্তরা।
