২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম রহমানের পদে থাকার বৈধতার রায় ৮ জুলাই

দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান হিসাবে গোলাম রহমানের পদে থাকার বৈধতা নিয়ে করা রিটের রায় ঘোষণার জন্য ৮ জুলাই তারিখ রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

Image
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বুধবার কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি দাবি করেন, বর্তমান বিচার ব্যবস্থার মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভবপর নয়। ছবি: নাসিরুল ইসলাম/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ঢাকা, অক্টোবর ১৪, ২০০৯

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বুধবার কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি দাবি করেন, বর্তমান বিচার ব্যবস্থার মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভবপর নয়। ছবি: নাসিরুল ইসলাম/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ঢাকা, অক্টোবর ১৪, ২০০৯

চূড়ান্ত শুনানি বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই তারিখ রাখেন।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান ও বদরুদ্দোজা বাদল রায়ের দিনের কথা সাংবাদিকদের জানিয়েছেন।

রিটে বলা হয়, গোলাম রহমানকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে ২ মে থেকে তার নিয়োগ কার্যকর হবে। এ কারণে পরে যোগদান করলেও তার মেয়াদ সেদিন থেকেই গণনা করতে হবে।

অন্যদিকে দুদকের আইনজীবীরা বলেন, উনি ২৪ জুন দুদকে যোগদান করেছেন। ওই দিন থেকেই তিনি দুদক থেকে বেতন ভাতাসহ অন্যান্য সুবিধাদি নিয়েছেন। এর আগেরদিন পর্যন্ত তিনি অন্য একটি বিধিবদ্ধ সংস্থার চেয়ারম্যান হিসাবে ছিলেন। সেখান থেকে বেতন নিয়েছেন।

তারা বলছেন, তাই আবেদনকারীদের যুক্তি অনুসারে নিয়োগের প্রজ্ঞাপন ধরলে উনিতো কিছুদিন দুইটি সংস্থায় ছিলেন বলে ধরতে হবে, যা আইনগতভাগে সম্ভব না। আর উনি সেটা ছিলেনও না।

মেয়াদ শেষ হওয়ার পরও’ কীভাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে আছেন, তা জানতে চেয়ে গত ১১ জুন রুল জারি করে হাই কোর্ট।

মেয়াদ শেষের পর গোলাম রহমানের নেয়া বিভিন্ন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বাড়তি সময়ে তার নেয়া বেতন ভাতা কেন ফেরত দিতে নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের চাকরির মেয়াদ ২ মে শেষ হয়ে গেছে দাবি করে মির্জা আল মাহমুদ নামের এক আইনজীবী হাই কোর্টে রিটটি দায়ের করেন।

রিটকারী মির্জা আল মাহমুদের দাবি, সরকার ২০০৯ সালের ২৯ এপ্রিল গোলাম রহমানকে চার বছরের জন্য দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তা কার্যকর হয় ওই বছরের ২ মে। সেই হিসাবে গোলাম রহমানের দায়িত্বে মেয়াদ চলতি বছর মে মাসেই অতিক্রান্ত হয়েছে।

পুরনো খবর:

দুদক চেয়ারম্যানের ‘চাকরির কাগজপত্র’ তলব