দুদক চেয়ারম্যানের ‘চাকরির কাগজপত্র’ তলব
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে গোলাম রহমানের নিয়োগপত্র, যোগদান এবং অ্যানার্জি রেগুলেটরি কমিশনে দেয়া তার পদত্যাগপত্র চেয়েছে হাই কোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। আদেশে একইসঙ্গে দুদক থেকে তার বেতনভাতা উত্তোলনের কাগজপত্রও চেয়েছে আদালত।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আবেদনকারী পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল শুনানিতে অংশ নেন।
পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যোগদান থেকে দুদক চেয়ারম্যানের নিয়োগ কার্যকর হবে জানিয়ে সরকার গত ১৬ জুন একটি প্রজ্ঞাপন জারি করে।
“আমরা সেটি আদালতে দেয়ার পর আদালত তার নিয়োগপত্র, যোগদান, বেতন উত্তোলন ও অ্যানার্জি রেগুলেটরি কমিশন থেকে পদত্যাগপত্র চেয়েছে।”
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের চাকরির মেয়াদ ২ মে শেষ হয়ে গেছে দাবি করে মির্জা আল মাহমুদ নামের এক আইনজীবী ওই রিট আবেদন করেছিলেন।
রিটকারী মির্জা আল মাহমুদের দাবি, সরকার ২০০৯ সালের ২৯ এপ্রিল গোলাম রহমানকে চার বছরের জন্য দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তা কার্যকর হয় ওই বছরের ২ মে।
সেই হিসাবে গোলাম রহমানের দায়িত্বে মেয়াদ চলতি বছর মে মাসেই শেষ হয়েছে।
