চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে মেয়রকে স্মারকলিপি
চট্টগ্রাম নগরীতে অবৈধ বিলবোর্ড অপসারণের দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা।
বুধবার সকালে মেয়রের বাসভবনে মনজুর আলমের কাছে সম্পাদকরা এ স্মারকলিপি দেন।
গত ১২ জুন নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।
এর এক সপ্তাহের মাথায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে মেয়রের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিলেন সম্পাদকরা।
স্মারকলিপিতে বলা হয়, নগরীর তিন চতুর্থাংশ বিলবোর্ডই অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ড স্থাপনে নীতিমালা অনুসরণ করা হয়নি।
এছাড়া অধিকাংশ বিলবোর্ড উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও টেলিফোন লাইন ঘেঁষে স্থাপন করা হয়েছে। কিছু রয়েছে রেলপথ ও হালকা স্থাপনার উপর।
তাই চট্টগ্রাম প্রাকৃতিকভাবে ঝড়-ঝঞ্চাপ্রবণ এলাকা হওয়ায় এসব বিলবোর্ডের কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।”
এজন্য অবৈধ বিলবোর্ড অপসারণে মেয়রের হস্তক্ষেপ চান সম্পাদকরা।
এ সময় মেয়র মনজুর আলম নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ বিলবোর্ড উচ্ছেদে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার ব্যাপারে স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, “বিলবোর্ড স্থাপন খাতে বছরে এক থেকে দেড় কোটি টাকা পাই। এ টাকা না হলেও চলবে। নগরীর সৌন্দর্য এবং নগরবাসীর নিরাপত্তা আমার কাছে অনেক বড়।”
বিলবোর্ড স্থাপনের ক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন মেয়র।
এসব উদ্যোগ সফল করতে চট্টগ্রামের সব দৈনিক পত্রিকার সম্পাদক এবং নগরবাসীর সহায়তা চান তিনি।
এ সময় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী, নির্বাহী সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক পূর্বদেশের সম্পাদক ওসমান গণি মনসুর, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক ও দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
