এবার ‘তত্ত্বাবধায়ক’ আন্দোলন বেগবানের পালা: মনি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলীয় জোটের আন্দোলনকে বেগবান করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনি।
সোমবার নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে মনি বলেন, “১৫ জুনের সিটি নির্বাচনে অপশক্তির পরাজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে নগরবাসী নীরব ব্যালট বিপ্লব করেছে।
“এবার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন বেগবান করার পালা।”
দুপুরে নগরীর হোটেল রয়্যালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিজয়কে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের শ্রমের ফসলে হিসেবে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত মেয়র।
তিনি বলেন, “আমি এ বিজয় নগরবাসীকে উৎসর্গ করলাম।”
সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই ও ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রধান সাবেক পৌর মেয়র শেখ সিরাজুল ইসলাম।
