ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের স্নাতক (পাস ও সার্টিফিকেট) পরীক্ষায় পাস করেছে ৭৪ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী।
সোমবার রাতে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টায় ফল প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info, www.nuadmission.info) ফলাফল দেয়া আছে।
এছাড়া যে কোনো মোবাইল থেকে nu লিখে স্পেস দিয়ে deg লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।
দেশের ৬৪০টি কেন্দ্রে ১ হাজার ৫৫১ কলেজের ৪ লাখ ৭১ হাজার ৪৫২ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।
ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় বিএ-তে ৬৩ হাজার ২৩৬ শিক্ষার্থী অংশ নিয়ে ৪৬ হাজার ৬০৯ জন পাস করেছে, পাসের হার ৭৩ দশমিক ৭১ শতাংশ। এর মধ্যে ৪ হাজার ১৯০ জন প্রথম বিভাগ, ৩৭ হাজার ৪৩ জন দ্বিতীয় বিভাগ, ৫ হাজার ৩৪৯ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।
বিএসএসে ৭৯ হাজার ৬০২ শিক্ষার্থী অংশ নিয়ে ২৮ হাজার ৫২ জন পাস করেছে, পাসের হার ৭৮ দশমিক ৮৬ শতাংশ। এর মধ্যে ২ হাজার ৮৫২ জন প্রথম বিভাগ, ৪৭ হাজার ৬৮১ জন দ্বিতীয় বিভাগ, ৯ হাজার ১ জন তৃতীয় বিভাগ পেয়েছে।
বিবিএসে ৪৪ হাজার ৮৯৭ শিক্ষার্থী অংশ নিয়ে ৩৪ হাজার ১২ জন পাস করেছে, পাসের হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে ১ হাজার ১৯৫ জন প্রথম বিভাগ, ২৩ হাজার ৬৭৮ জন দ্বিতীয় বিভাগ, ৯ হাজার ৫২ জন তৃতীয় বিভাগ পেয়েছে।
এছাড়া বিএসসিতে ৪ হাজার ৬৭৪ শিক্ষার্থী অংশ নিয়ে ৩ হাজার ৫৭৫ জন পাস করেছে, পাসের হার ৭৬ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে ৮৮৪ জন প্রথম বিভাগ, ২ হাজার ৪৮৫ জন দ্বিতীয় বিভাগ এবং ৩০৬ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।
গত বছরের ৬ ডিসেম্বের থেকে গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিগ্রি পরীক্ষার তত্ত্বীয় এবং ১২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হয়।
