২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর সমঅধিকার নিশ্চিতে সোচ্চার হতে হবে: শেখ হাসিনা

নারীর সমান অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী সবাইকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:41 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

সোমবার দশম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “নারীর সমঅধিকার নিশ্চিত করতে দেশের ভেতরে-বাইরে সর্বত্র সকলকে আরো সোচ্চার হতে হবে। সম্মিলিতভাবে কৌশল নির্ধারণ করতে হবে। বিশ্ব অঙ্গনে নারীর ভূমিকা বাড়াতে হবে।”

এধরনের আন্তর্জাতিক উদ্যোগকে এগিয়ে নিতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, নারীরা এখন অর্থনীতিসহ সমাজের সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। তারা কৃষি খাতের উন্নয়নেও অবদান রাখছে।

অনেক বাধা মোকাবেলা করে বিশ্বজুড়ে নারীরা এগুলেও উন্নয়নের গতি অত্যন্ত মন্থর বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, উন্নত বিশ্বেও চাকরি, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে নারীরা বৈষম্য এবং ধর্মীয় ও সামাজিক গোঁড়ামির শিকার হচ্ছে।

বাংলাদেশে অনেক নারী উদ্যোক্তা ‘তৈরী’ হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “তারা তাদের শিল্প পণ্য রপ্তানিও করছে। বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠান ও সেবাখাতে নারীরা তাদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাচ্ছেন। শহর ও গ্রামের অসংখ্য নারী এ সংগ্রামে জয়ী হয়েছেন।”

বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী ও শিশু মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনদিনব্যাপী এ বৈঠকে কমনওয়েলথ দেশগুলোতে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিতকরণে অগ্রগতি পর্যালোচনা করে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণ করা হবে।

ত্রিবার্ষিক এ বৈঠকের এবারের প্রতিপাদ্য ‘উদ্যোক্তা উন্নয়নে নারীর নেতৃত্ব’।

প্রতিপাদ্যকে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “আমি মনে করি, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে নারীর ক্ষমতায়ন দ্রুততর হবে।

“যদিও পুরুষশাসিত বিশ্বসমাজে কাজটি করা এত সহজ নয়। এই চ্যালেঞ্জকে বিবেচনায় নিয়ে আমাদের কৌশল নির্ধারণ করতে হবে।”

‘প্রগতিশীল’ বাঙালি জাতি বৈশিষ্ট্যগতভাবেই নারী ও পুরুষের সমান অধিকারে বিশ্বাসী বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম সুফিয়া কামাল, ইলা মিত্ররা বাঙালি নারী জাগরণে প্রেরণার উৎস।

ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি বাঙালি নারীদের অংশ গ্রহণের কথাও তুলে ধরেন তিনি।

দেশের প্রত্যন্ত অঞ্চলে একক বা যৌথ পর্যায়ে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত শিল্প পণ্য বাজারজাতকরণে রাজধানীতে বিপণন কেন্দ্র চালুর কথা বলেন সরকার প্রধান।

 অনুষ্ঠানের শুরুতেই পল্লীগীতি এবং দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবশেন করা হয়।

দশম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রী পর্ায়ে রচনা প্রতিযোগিতায় মালয়শিয়া, নাইজেরিয়া এবং বাংলাদেশের বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নারী ও শিশু বিষয়কমন্ত্রী মেহের আফরোজ চুমকী এবং কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা (Kamalesh Sharma)।

স্বাগত বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে নারী উন্নয়নে কমনওয়েলথের কার্ক্রমের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।