দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগে নাম বাছাই ও প্রস্তাব করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাছাই কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করা হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব হোসেন আহমেদের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদ শিগগির শূন্য হচ্ছে। এজন্য একজন কমিশনার নিয়োগের জন্য সুপারিশ প্রদানের জন্য দুনীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী বাছাই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবিএম আহমেদুল হক চৌধুরী, বাংলাদেশ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ এবং এম আব্দুল আজিজ (সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব)।
বাচাই কমিটি কমিশনার নিয়োগে দুইজনের নাম সুপারিশ করে দুর্নীতি দমন কমিশন আইনের ৬ ধারা অনুযায়ী নিয়োগ দেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে একজনকে কমিশনার নিয়োগ করবেন।
পরে দুদকের কমিশনারদের মধ্যে একজনকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হবে।
