নিউ মার্কেটে খাবারের দোকানে ভাংচুর
বাগবিতণ্ডার জেরে রাজধানীর নিউ মার্কেটে দুটি খাবারের দোকানে ভাংচুর চালিয়েছে একদল যুবক।
ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের অনুসারীরা হামলায় জড়িত বলে সংগঠনের সাধারণ সম্পাদক সাবিক হাসান সুইম দাবি করলেও মার্কেটের ব্যবসায়ীরা হামলাকারীদের পরিচয় জানাতে রাজি হননি।
ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশই বলতে পারবে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউ পল্টনের কিছু যুবকের সঙ্গে মার্কেটের কর্মচারীদের ‘গণ্ডগোল হয়েছে’ এবং এমনটি ‘প্রায়ই হয়ে থাকে’।
ঢাকা কলেজের কেউ এর সঙ্গে জড়িত নন বলেও তিনি উল্লেখ করেন।
তবে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুইম বলেন, সংগঠনের ‘সভাপতি গ্রুপের’ নেতাকর্মীরা ওই কাণ্ড ঘটিয়েছে। এ কারণেই দোকান কর্মচারীরা মার্কেটের পাশে সভাপতি পল্লবের ‘আড্ডাস্থলের’ চেয়ার-টেবিলগুলো ভাংচুর করেছে।
এ বিষয়ে জানতে চাইলে পল্লব চেয়ার টেবিল ভাংচুর হওয়ার কথা স্বীকার করেন। তবে ঢাকা কলেজ ছাত্রলীগের সঙ্গে কারো ‘ঝামেলা হয়নি’ বলে দাবি করেন তিনি।
