২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ সমর্থন তত্ত্বাবধায়কের প্রতিও: মনি

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মনিরুজ্জামান মনি মনে করেন, স্থানীয় সরকারের এই নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতিই সমর্থন জানিয়েছে।

আশিক হোসেন

ও মামুনুর রশীদ, খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:07 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

শনিবার রাত ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক প্রতিক্রিয়ায় মনি বলেন, “আসলে চার সিটিতে যারা বিজয়ী হয়েছে, তারা সবাই স্থানীয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণ তাদের বিজয়ী করার মধ্য দিয়ে বিএনপির সেই আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছে।”

মেয়র হিসাবে নগরবাসীর সার্বিক সেবা নিশ্চিত করাই প্রথম ও প্রধান কাজ বলেও উল্লেখ করেন এ বিএনপি নেতা।

তিনি বলেন, “খুলনা নগর ভবন থেকে দলীয়করণ ও দুর্নীতি দূর করব।”

নগরীর ২৮৮টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে মনি আনারস প্রতীকে পেয়েছেনে এক লাখ ৮০ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক তালা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৪২২ ভোট। অর্থাৎ ৬০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন মনি।

বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি খালেকের কাছে ২০ হাজারের কিছু বেশি ভোটে হার মেনেছিলেন।

শনিবার যে চারটি সিটি কর্পোরেশনে নির্বাচন হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ভোটার খুলনায়। মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে নারী ২ লাখ ১৬ হাজার ৬২ এবং পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন।

এর মধ্যে ৩১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ২ হাজার ৫১৯টি ভোট পড়েছে। অর্থাৎ ভোট পড়েছে ৬৮ দশমিক ৭০ শতাংশ।

রাতে র‌্যাবের একটি গাড়িতে বিএনপিকর্মীরা হামলা চালানো ছাড়া নির্বাচনোত্তর আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি খুলনায়।

১৯৮৪ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠা হয় খুলনা সিটি কর্পোরেশন। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২১টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হয়।