২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক ছাঁটাই, কারখানা বন্ধ

ছাঁটাইয়ের পর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় সাভারের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:12 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে খেজুরবাগান এলাকার পোশাক কারখানা কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (সিআইপিএল) ১৬৫ জন শ্রমিককে সাময়িকভাবে ছাঁটাই করা হয়।

এ নিয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় জেকে গ্রুপের তিনটি কারখানার কিছু শ্রমিক মূল ফটকে জড়ো হলে স্থানীয় কিছু যুবক লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করেছে।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক অমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (সিআইপিএল) প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে।

এর জেরে সকালে কর্তৃপক্ষ অসন্তোষে জড়িত সন্দেহে ১৬৫ জন শ্রমিককে সাময়িক ছাঁটাই করে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়।

এদিকে ক্ষুব্ধ শ্রমিকরা সহকর্মীদের ছাঁটাই ও কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

জেকে গ্রুপের তিন কারখানায় শ্রমিকদের ধাওয়া

সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় জেকে গ্রুপের প্রতিষ্ঠান জেকে ফ্রেবিক্স লিমিটেড, জেকে নীট কম্পোজিট লিমিটেড ও তনিমা নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবিতে মূল ফটকের সামনে জড়ো হলে ১৫/২০ জন যুবক লাঠিসোটা নিয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকদের অভিযোগ, তারা কারখানার সামনে জড়ে হলে কারখানা মালিকের লোক স্থানীয় এক যুবলীগ নেতার লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের ধাওয়া করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ লাঠিয়াল বাহিনীর কাউকে পায়নি।

জেকে গ্রুপের মহাব্যবস্থাপক মজিবুর রহমান লাঠিয়াল বাহিনী দিয়ে শ্রমিকদের ধাওয়া দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কিছু শ্রমিক কারখানার সামনে এসেছিল পরে আবার চলেও গেছে।

এ ব্যাপারে যুবলীগের ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন বলেন, তিনি এখন সাভারে নেই। তাই সেখানে কী হচ্ছে তা তার জানা নেই।

এছাড়া জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিরি ফোন ধরেননি।

অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেকে গ্রুপের তিনটি পোশাক কারখানা। এ অসন্তোষের ঘটনায় জড়িত ৮৪ জনকে শুক্রবার ছাঁটাইও করা হয়।