২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শেষ মুহূর্তের ‘হিসাব-নিকাশ’

বরিশাল সিটি কর্পোরেশনে বৃহস্পতিবার মধ্য রাতের পর কোনো প্রার্থীকে প্রচারণা চালাতে দেখা না গেলেও বিভিন্ন স্থানেই জয়-পরাজয়ের হিসাব কষতে দেখা গেছে অনুসারী আর ভোটারদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল থেকে কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

রাস্তাঘাট, দোকানে এখন আলোচনার বিষয়বস্তু- কে জিতবেন, পাবেনই বা কত ভোট। এসব হিসেবে কখনো হিরন এগিয়ে, কখনো কামাল।

এ সিটি কর্পোরেশনে মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীক নিয়ে লড়ছেন। ১৮ দলীয় জোটের সমর্থনে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল লড়ছেন আনারস প্রতীক নিয়ে।

মোট ভোটার ২ লাখ ১১  হাজার ২৫৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩ হাজার ৬৩২ এবং পুরুষ ১ লাখ ১১ হাজার ২৫৭ জন।

শুক্রবার বিকালে সদর সড়কের পাশে ‘মা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারের’ সামনে এক যুবককে বলতে শোনা গেল, হিরন ভাই দেখানো ‍উন্নয়ন করেছে, কাজের কাজ কোনো উন্নয়ন করেননি। সঙ্গে সঙ্গে আরেক যুবক প্রতিবাদ করে বলে উঠেন, বরিশালে যে উন্নয়ন হয়েছে, আর কোনো মেয়র এতো কাজ করতে পারবেন না।

প্রায় একইরকম পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে পুরান পাড়া, বটতলা, বগুড়া রোড, কালীবাড়ি, বরিশাল কলেজের সামনেসহ বিভিন্ন স্থানে জটলা করে বসে থাকা ভোটারদের কণ্ঠেও।

পশ্চিম বগুড়া রোডে ইব্রাহিম নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক মেয়র উন্নয়নে এগিয়ে, তবে জাতীয় ইস্যুতে পিছিয়ে রয়েছেন।

তিনি বলেন, হিরন মেয়র হওয়ার পর অনেক কাজ করেছে আর ব্যক্তি হিসেবে ভালো। তবে আওয়ামী লীগ সরকারের গত সাড়ে চার বছরে করা ভুলগুলো আহসান হাবিব কামাল কাজে লাগাচ্ছে হিরনের বিরুদ্ধে।

“মতিঝিলের হেফাজতকর্মীদের ওই রাতে পুলিশ তাদের সরিয়ে দেয়া নিয়ে যে গুজব রয়েছে তা কামাল কাজে লাগানোর চেষ্টা করছে।”

কামাল কেমন লোক জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে ১৯৯৬ ও ৯৭ সালে দুটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও কামাল সেই দুটি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। মানুষ মনে করেন ওই সব হত্যাকাণ্ড থেকে রাজনৈতিক কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
  এদিকে বিকালে মনির হোসেন নামে এক যুবককে ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্দপাড়া থেকে ৩৯ হাজার টাকাসহ আটক করে র‌্যাব।

র‌্যারে-৮ এর অধিনায়ক ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনির কামাল সর্দার নামে একজন কাউন্সিলরের সমর্থক বলে স্বীকার করেছেন এবং ভোটারদের টাকা দেয়ার জন্য ওই টাকা সংগ্রহ করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকালে বটতলা এলাকায় থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল আটক করা হলেও তিনটি মোটর সাইকেলে রাখা হয়েছে।

নির্বাচনের আগের দিন নির্বাচন কমিশনারের স্টিকার ছাড়া মোটর সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে।