২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকচাপায় দম্পতি নিহত

যশোর শহরের পালবাড়ী মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার বিকালে এ দুর্ঘটনায় নিহতরা হলেন আব্দুল করিম (৪৫) ও সালমা বেগম (৩৫)।

পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি যশোরের বেজপাড়ায়। থাকতেন রাজধানীর মিরপুরে।

যশোর কোতোয়ালি থানার সহকারী উপ পরিদর্শক শারমিন আকতার বলেন, পালবাড়ী মোড়ের রয়েল কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে চড়ে বের হয়েই দুর্ঘটনায় পড়েন ওই দম্পতি।

একটি চালবোঝাই ট্রাকে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে উপশহরের ঢাকা রোড ব্রিজের কাছ থেকে সহকারীসহ ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে গেছে।

আটক সহকারী শাহীন যশোরের শার্শা উপজেলার বেড়ি নারায়ণপুরের মোমিন মোল্লার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মোটরসাইকেলটি হঠাৎ এসে চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খায় এবং দুইজন ট্রাকের নিচে পড়েন।

নিহতদের দুই মেয়ের মধ্যে লামিয়া ষষ্ঠ ও ফিজা চতুর্থ শ্রেণীতে পড়ে ঢাকার মণিপুর বালিকা বিদ্যালয়ে।