২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নাশকতা ঠেকাতে র‌্যাবের বিশেষ প্রস্তুতি

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 02:12 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

রাজশাহী র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের নাশকতা ঠেকাতে প্রয়োজনে পুলিশ-র‌্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী গঠনেরও প্রস্তুতি রয়েছে তাদের।

শুক্রবার নগরীর আলুপট্টি মোড়ে সাংবাদিকদের তিনি বলেন, “জামায়াত-শিবির রাজশাহীতে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। নির্বাচনেও তারা নাশকতার চেষ্টা করতে পারে। তাই তাদের মোকাবেলায় আমাদের বিশেষ প্রস্তুতি রয়েছে।”

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

জুমার নামাজের পরে সাংবাদিকদের তিনি  বলেন,  “জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামকে  ‘সংযত’ রাখলে নির্বাচন সুষ্ঠু হবে।”

র‌্যাব কর্মকর্তা আনোয়ার জানান, নির্বাচনকে সামনে রেখে গত তিন দিন ধরে র‌্যাবের টহল চলছে। নির্বাচনের পরদিন রাত পর্যন্ত তা অব্যাহত থাকবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে চারশ’ র‌্যাব নির্বাচনের দিন মাঠে থাকবে, যাদের মধ্যে একশ’ র‌্যাব সদস্য সাদা পোশাকে দায়িত্ব পালন করবে।

প্রতিটি ওয়ার্ডেই র‌্যাবের একটি করে টহল দল থাকবে বলে জানান তিনি।

ভোটের দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন র‌্যাব অধিনায়ক।

তিনি বলেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বেশি সংখ্যায় সাদা পোশাকের র‌্যাব নিয়োজিত থাকবে।

শনিবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১১টি কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে বলে র‌্যাব অধিনায়ক জানান।

তিনি বলেন, জামায়াত-শিবিরের সাম্প্রতিক সময়ের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পর্যালোচনায় ১ থেকে ৫ নম্বর এবং ২৫ থেকে ৩০ নম্বর কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এগুলোতে বাড়তি নজরদারি থাকবে।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় ম্যাজিস্ট্রেটরা সহায়তা চাইলে তাতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।