টাঙ্গাইলে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে শুক্রবার।
বিকালে কেন্দুয়া সড়কের চালাষে দুই হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের ভিক্তিফলক উম্মোচন করে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, খামার মালিকরা যাতে তাদের দুধের ন্যায্যমূল্য পান সেজন্য মিল্কভিটার মাধ্যমে দুগ্ধ শীতলীকরণ এই কেন্দ্র স্থাপিত হল।
এছাড়া সমবায়ের মাধ্যমে স্থানীয় ৫শ’ খামার মালিকের প্রত্যেককে দুটি করে শংকর জাতের গাভী কেনার জন্য একলাখ টাকা এবং সেগুলো লালনপালনের জন্য আরো ২২ হাজার টাকা করে সুদবিহীন ঋণ দেয়া হয়েছে, বলেন তিনি।
উদ্বোধন শেষে মন্ত্রী ধনবাড়ি কলেজ মিলনায়তনে সমবায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেস অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. হুমায়ুন খালিদ, বক্তব্য দেন অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক ও সমবায়ভিক্তিক দুগ্ধ উৎপাদন নিশ্চিতকরণ প্রকল্পের পরিচালক মো. আসাদুজ্জামান প্রমুখ।
