‘সিটি নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না’
সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সিটি নির্বাচনের মতো আগামীকালকের [শনিবার] নির্বাচনেও জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।
“এতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বাচনের ফলাফল যাই হোক আমরা তা মেনে নেব। হেরে গেলেও জনরায় মাথা পেতে নেব।”
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর এই সদস্য আশা প্রকাশ করেন, সিটি করপোরেশনের মতো আগামী সংসদ নির্বাচনেও বিরোধী দল অংশগ্রহণ করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।
দুপুরে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের চৌধুরীহাট কলেজ মাঠে মহাসেনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্য আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ।
