২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আহত ১৫

পূর্ব শত্রুতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 04:51 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পৌর এলাকায় ঘোষগাতি ও কাওয়াক মহল্লার যুবকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে উল্লাপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়া মতি নামের একজনকে সিরাজগঞ্জ সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হাবিবুল বলেন, দুই মাস আগের একটি মারধরের ঘটনা নিয়ে ঘোষগাতি ও কাওয়াক মহল্লার যুবকরা বিকালে হাতাহাতিতে জড়ায়।

এরপর পর উভয় মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর থেকে উভয় মহল্লার লোকজন লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকানও ভাংচুর করা হয়।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।