কোনো পক্ষপাত না করতে প্রশাসনকে সিইসির নির্দেশ
চার সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো প্রার্থীর প্রতি কোনো ধরনের পক্ষপাত না দেখাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীদের পক্ষে সরকার প্রভাব খাটাচ্ছে বলে বিএনপি অভিযোগ জানানোর পর তিনি এই নির্দেশ দেন।
সিটি কর্পোরেশন নির্বাচনের দুদিন আগে বৃহস্পতিবার রাতে কার্যালয় ছাড়ার সময় কাজী রকিব সাংবাদিকদের বলেন, বিএনপির অভিযোগ পেয়ে কার্যকর ব্যবস্থাও নেয়া হয়েছে।
“পুলিশ-প্রশাসনসহ সবাইকে নির্দেশ দিয়েছি, কারো প্রতি পক্ষপাতিত্ব নয়। নিরপেক্ষভাবে কাজ করতে হবে। পক্ষে-বিপক্ষে কাজ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।”
আগামী শনিবার অনুষ্ঠেয় চার সিটি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান সিইসি।
ভোটগ্রহণের দুদিন আগে বিকালে আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইসিতে যায়। তারা সিইসির সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করেন।
বরিশালে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর কর্মীকে পুলিশের গুলির বিষয়টি নিয়ে কাজী রকিব বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, তবে এটা বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।”
সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ (ফাইল ছবি)
“বিজিবি, র্যাব, কোস্টগার্ডসহ প্রয়োজনীয় সংখ্যক সদস্য থাকবে, খুলনায় ডুবুরিও থাকছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা থাকবে।”
রাজশাহীতে জামায়াত-শিবিরের নাশকতার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন উদ্ধৃত করে প্রকাশিত খবরের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কি না- জানতে চাইলে সিইসি বলেন, “সব বিষয়ে সতর্কতা রয়েছে আমাদের। সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা অর্থের বিনিময়ে কাজ করে।”
