২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিকে শক্ত হতে বললো বিএনপি

চার সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের আরো শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 01:34 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

স্থানীয় সরকারের এই নির্বাচনে সরকার প্রভাব খাটানোর চেষ্টা করছে দাবি করে বৃহস্পতিবার তা নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যান বিরোধী দলের নেতারা।   

আগামী শনিবার অনুষ্ঠেয় এই নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি নেতারা।

নির্বাচন কমিশনের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠকে বিএনপি নেতারা বরিশাল, রাজশাহীসহ বিভিন্ন সিটি কর্পোরেশনে মন্ত্রী, সংসদ সদস্যদের উপস্থিতি এবং কিছু অনিয়ম ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলার তথ্য তুলে ধরেন।

স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ইসিতে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সুজাউদ্দিন ও সাবেক সচিব আবদুল হালিম ও মো. জবিউল্লাহ।

মঈন খান সাংবাদিকদের বলেন, “স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে পক্ষপাতমূলক নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। এজন্য ইসিকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছি আমরা।”

বরিশালে ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের ওপর হামলার অভিযোগ জানিয়ে তিনি বলেন, “বরিশালে একজন প্রার্থীর ওপর প্রশাসন থেকে যে আক্রমণ হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকে।”

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের এ চার সিটি কর্পোরেশন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মঈন খান বলেন, “দেশের মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন হতে হবে।”

ইসিতে এই প্রতিনিধি দল যাওয়ার আগ মুহূর্তেই সংসদে বক্তব্যে বিএনপির সংসদ সদস্যরা এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরাও এই দাবি জানিয়ে আসছেন; যদিও নির্বাচন কমিশন বলছে, সেনা মোতায়েনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি।  

বিএনপি এই নির্বাচনে সেনা মোতায়েন চায় কি না- সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান মঈন খান।

তবে তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন হলে সেনাবাহিনীসহ যা যা প্রয়োজন হবে, তা দিতে হবে ইসিকে। তবেই স্বাধীনভাবে কাজ করতে পারবে ইসি।”

প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে মঈন খান বলেন, “প্রশ্ন দেখা দিয়েছে, (এই সরকারের মেয়াদে) সুষ্ঠু নির্বাচন হবে কি না।”

বিকাল পৌনে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত সিইসি কাজী রকিবউদ্দীনের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

শনিবারের নির্বাচনের আগে ব্যস্ততা চলছে নির্বাচন কমিশন সচিবালয়ে, সিইসি তার কার্যালয়ে থাকলেও সন্ধ্যা পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।