পদমর্যাদা বৃদ্ধির সঙ্গে সেবার মানও বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
পদমর্যাদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনগণ যাতে উন্নত সেবা পায় সে বিষয়ে আরো সচেষ্ট থাকতে হবে- পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৩০তম বিসিএসের (পুলিশ) ১৯৪ জন নবীন সহকারী পুলিশ সুপারের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। শান্তি-শৃঙ্খলা, সন্ত্রাস ও অপরাধ দমন, সামাজিক শান্তি বজায় রাখা এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করা পুলিশের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশকে হতে হয় তীক্ষ্ন বুদ্ধিমত্তার অধিকারী, ধৈর্য্যশীল, মানবিক মুল্যবোধ সম্পন্ন ও পেশাদার।”
প্রধানমন্ত্রী বলেন, “পদমর্যাদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনগণ যাতে উন্নত সেবা পায় সে বিষয়ে পুলিশ বাহিনীর সদস্যদের আরো সচেষ্ট থাকতে হবে। পুলিশ বাহিনীর অতীত ঐতিহ্য ও কর্মদক্ষতা দিয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হবে।”
পুলিশ বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার পরিচালনার দায়িত্বে এসেছে তখনই একটি সু-শৃঙ্খল, দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছে।
“গত আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ বাহিনীর জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। ঝুকি ভাতা প্রচলন, কল্যাণ ফান্ড গঠন, বিভিন্ন থানা ও ব্যারাক নির্মাণসহ অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বর্তমান সরকারের সফলতা।”
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার মেয়াদে পুলিশ বাহিনীর জন্য ৭৩৩টি ক্যাডার পদসহ মোট ৩২ হাজার পদ সৃষ্টির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এরমধ্যে ৫০০টি ক্যাডার পদসহ ২৭ হাজার ৭৭৮টি নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে।
দীর্ঘ ২৮ বছর পর বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে বঙ্গবন্ধু প্রদত্ত আইজিপি র্যাংক ব্যাজ পুনঃপ্রবর্তন করার পাশাপাশি আইজিপি পদকে সিনিয়র সচিবের মর্যাদা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অন্যায় করলে কাউকেই ছাড়া দেয়া হবে না। বর্তমান সরকারই ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ ইউনিট, রংপুর রেঞ্জ, রংপুর আরআরএফ গঠনসহ ২৫টি থানা এবং ৪১টি তদন্ত কেন্দ্র স্থাপন করেছে।
এছাড়া সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম দমনে ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে নবীন সহকারী পুলিশ সুপারদের সালাম ও অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
পরে বেস্ট ইন হর্সম্যানশিপ হিসেবে ওবাইদুর রহমান এবং বেস্ট ইন একাডেমিক ও বেস্টম্যান কাপ হিসেবে গোলাম সাকলায়েনকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দার, পুলিশ একাডেমির অধ্যক্ষ নাঈম আহম্মেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
