নিউ ইয়র্কে দীপু মনির ৫ ঘণ্টা
নিউ ইয়র্কে পাঁচ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক কর্মসূচিতে যোগ দিয়ে সাংস্কৃতিক চেতনা বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বিভিন্ন দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রীরাই ইউনেস্কোর উচ্চ পর্যায়ের এ সভায় অংশ নিলেও বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করলেন পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার স্থানীয় সময় দুপুরে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তিনি যখন জাতিসংঘ সদর দপ্তরে ইউনেস্কোর আলোচনায় উপস্থিত হন, তখন অনুষ্ঠান শেষ হতে মাত্র ২০ মিনিট বাকি।
ইউনেস্কো আয়োজিত সংস্কৃতি উন্নয়ন বিষয়ক এই বৈঠক শুরু হয় নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায়, শেষ হয় দুপুর ১টায়।দীপু মনি অনুষ্ঠানে ছিলেন ২০ মিনিটের মতো।
তিনি বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময়েই জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এ মোমেন টেলিফোনে অনুষ্ঠানের সভাপতি ভুক জেরিমিককে দীপু মনির পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রী যখন অনুষ্ঠানে পৌঁছান তখন বক্তব্য দিচ্ছিলেন অনুষ্ঠানের শেষ বক্তা দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী পোল ম্যাশাটাইল।
দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর বক্তব্য শেষে বেলা পৌনে ১টায় দীপু মনিকে বক্তৃতা দেয়ার আমন্ত্রণ জানান ভুক জেরিমিক। ৮ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে সব সমাজে সাংস্কৃতিক চেতনা বিকাশের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনেস্কোর মহাপরিচালক আইরিন বকোভা।
আজারবাইজান থেকে টার্কিশ এয়ারলাইন্সে নিউইয়র্কে পৌঁছে বিমান বন্দর থেকে সরাসরি অনুষ্ঠানে গিয়ে দ্রুত নিজের বক্তব্য উপস্থাপন করে সবার প্রশংসা কুড়িয়েছেন দীপু মনি।
ইউনেস্কোর অনুষ্ঠান শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভুক জেরিমিকের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেন তিনি।
বিকাল ৪টা থেকে ৫টা ইউনেস্কোর উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে ‘সংস্কৃতি এবং উন্নয়ন’ শীর্ষক সমাবেশে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মন্ত্রীরা মতবিনিময়ে অংশ নেন। ঠিক ৫টায় দীপুমনি আবারো ছোটেন জন এফ কেনেডিতে।
সন্ধ্যা ৭টায় ২৫ মিনিটে সুইস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেনেভার উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভাগ্যবান। জাতিসংঘে পৌঁছাতে যতোটা সময় লাগবে বলে ধারণা করা হয়েছিল, ততোটা লাগেনি। তিনি খুবই পরিশ্রমী। এতো দীর্ঘপথ ভ্রমণের কোনো ছাপ তার মধ্যে দেখা যায়নি।”
তবে সংস্কৃতি মন্ত্রীদের এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করেননি রাষ্ট্রদূত।
