২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কারখানায় আগুন, আহত ৫

আশুলিয়ার ইউনিক এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার পর হুড়োহুড়িতে পাঁচ জন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 05:19 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিক এলাকার ওই ছয় তলা ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই ভবনে আরবা টেক্সটাইল লিমিটেড ও হাসমতউল্লাহ নিটিং লিমিটেড নামে দুটি কারখানা রয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের নিচতলায় স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের সামনের দিক দিয়ে ঢুকতে না পারায় পিছনের দেয়াল কেটে ভেতরে পৌঁছাতে অনেক সময় লেগে যায়।

কারখানায় অগ্নি নির্বাপণের পর্যাপ্ত সরঞ্জাম ছিল না বলেও জানান তিনি।

ভবনের প্রথম তিনটি তলায় আরবা টেক্সটাইল লিমিটেডের কারখানা।

প্রতিষ্ঠানটির বাণিজ্য ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, আগুন লাগার পর শ্রমিকরা সিঁড়ি বেয়ে বাইরে বেরিয়ে আসে। এ সময় হুড়োহুড়ির মধ্যে পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে রেজাউল ও হেমায়েতউদ্দীনের পা কেটে গেছে। বাকিদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত ২৪ নভেম্বরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীণ ফ্যাশনস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ১১২ শ্রমিকের মৃত্যু হয়।