সচিবদের মোবাইল নম্বর জানালেন মন্ত্রী
জনপ্রশাসনের সব সচিবের মোবাইল নম্বর জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সংসদের বুধবারের অধিবেশনে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামানসহ ৫৫ জন সচিবের মোবাইল ফোন নম্বর জানিয়ে দেন।
শাহরিয়ার আলম তার প্রশ্নে আশরাফুল ইসলামের কাছে প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবদের নাম, মোবাইল ফোন নম্বর এবং যোগাযোগের ঠিকানা জানতে চেয়েছিলেন।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে আশরাফ জানান, বর্তমান সরকারের সময়ে চারটি বিসিএসে ৭ হাজার ৮৬৫ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
