‘তক্ষক বেচাকেনায় বিরোধ’, যুবক খুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তক্ষক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন।
নিহত আলী আকবর খান (৩৫) দুর্গাপুরের গণ্ডাদেড় গ্রামের সুরুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার পাহাড়ি এলাকায় আকবরের লাশ পাওয়া যায়।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গণ্ডাদেড় গ্রামের আলী সোবাহান (৪০) ও পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের রুবেলকে (২৫) আটক করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, এ তিনজন তক্ষক বেচাকেনায় জড়িত ছিলেন। এ নিয়ে নিহতের সঙ্গে গ্রেপ্তার দুজনের বিরোধ হয়।
এর জেরে মঙ্গলবার রাতে কোনো এক সময় আকবরকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, নিহতের বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আলমগীর।
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাংলাদেশে তক্ষক বেচাকেনা নিষিদ্ধ।
