২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত ব্যক্তির নামে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

ঘটনা ঘটার ১০ মাস আগে মারা যাওয়া এক ব্যক্তির নামে দায়ের করা মামলায় পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছে নাটোরের একটি আদালতে। বিচারক সেই মৃত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার মৃতের বাবা শহরের চৌধূরী বড়াগাছা এলাকার মোহাম্মদ মজু নাটোরের মুখ্য বিচারিক আদালতে হাজির হয়ে ছেলের মৃত্যু সনদ উপস্থাপন করলে বিচারক লিয়াকত আলী মোল্লা বিষ্ময় প্রকাশ করে বলেন, “সব সম্ভবের দেশে এটা খুব একটা বেমানান না।”

আসামিপক্ষের আইনজীবী আদিল খান জানান, ২০০৯ সালের ২৩ নভেম্বর হত্যা চেষ্টা, মারপিট ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় শেখ মোহাম্মদ খোকন বাদী হয়ে নাটোরের মুখ্য বিচারিক আদালতে দুইটি মামলা দায়ের করেন।

“মামলা দুটিতে শহরের চৌধূরী বড়াগাছা এলাকার মোহাম্মদ মজুর ছেলে শফিকুল ইসলামসহ সাত জনকে আসামি করা হয়। কিন্তু শফিকুল মারা যান মামলা হওয়ার প্রায় ১০ মাস আগে একই বছরের ৩১ জানুয়ারি।”

আইনজীবী জানান, দুইটি মামলা তদন্ত শেষে ২০০৯ সালের ২৫ ডিসেম্বর ওই কর্মকর্তা শফিকুল ইসলামসহ সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আসামি ধরতে গিয়েই নাটোর থানা পুলিশ জানতে পারেন আসামি শফিকুল ইসলাম ঘটনার অনেক আগেই মারা গেছেন।

বিচারক ঘটনাটি তদন্ত করে আগামী ২২ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নাটোর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী আদিল খান।

নাটোর থানার ওসি আসলাম হোসেন জানান, তিনি এখনও আদালতের কাগজ হাতে পাননি। কাগজ হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।