নারায়ণগঞ্জে ভ্যানচাপায় শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রিকশাআরোহী এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সহায়তায় চালক ও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহত আজিজুল হক (২৫) সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ এম সার্কাস এলাকার জহিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, দুপুর দুইটার দিকে লামাপাড়া এলাকায় ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামের সামনে একটি কাভার্ডভ্যান পেছন থেকে রিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই আজিজুল হক মারা যান। আহত হন যাত্রী মঞ্জু মিয়া এবং রিকশাচালক নাজির হোসেন।
পরে লোকজন তাদেরকে উদ্ধার করে শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
