২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি

শপথ নেয়ার প্রায় দেড় মাস পর স্পিকারের বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 04:58 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব শিপলু জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে উঠেছেন।”

গত ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অসুস্থ হয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কাজ শুরু করেন স্পিকারের দায়িত্বে থাকা হামিদ।

গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মারা যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবদুল হামিদ। তবে এতোদিন তিনি সংসদ এলাকায় স্পিকারের বাসভবনেই বসবাস করছিলেন।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তিনি বৃহত্তর ময়মনসিংহের পঞ্চম ব্যক্তি, যিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।

আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর দেশের দ্বাদশ স্পিকার হন শিরীন শারমিন চৌধুরী। দেশের ইতিহাসে তিনিই প্রথম নারী স্পিকার।

রাষ্ট্রপতির ছেড়ে আসা কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের উপ নির্বাচন হওয়ার কথা আগামী ৩ জুলাই। তার ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিকই ওই আসনের একমাত্র প্রার্থী।