ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ক্ষুব্ধ প্রার্থীরা
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা। পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তারা।
রোববার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৮ দলের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের তিন কর্মী ও মহাজোটের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এক সমর্থককে জরিমানা করেন।
এছাড়া বিভিন্ন অভিযোগে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানাও করা হয়েছে।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মোসাদ্দেক হোসেন বুলবুল জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
পরে ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান আরিফুল ইসলাম নামের এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে গত বুধবার বুলবুলের নির্বাচনী অফিসে সিডি বাজানোর অভিযোগে কর্মী মামুন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে বুলবুলের কর্মী আনোয়ার হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার নির্বাচন কমিশনের নির্দিষ্ট মাপের চেয়ে বড় ডিসপ্লে বোর্ড লাগানোর অভিযোগে মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন শাহুকে ৩০ হাজার টাকা, একের অধিক মাইক ব্যবহার করার জন্য ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলামকে ২ হাজার টাকা, ২৪ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামকে ৫০০ টাকা এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনোয়ারা বেগমকে এক হাজার টাকা এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী শামসুন্নাহারের ১০০ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান বলেন, আচরণ বিধি লংঘনের অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে। এখানে কারো পক্ষ নেয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করে বলেন, ভ্রাম্যমাণ আদালত একজন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে তার কর্মীদের হয়রানি করছেন। যেসব ম্যাজিস্ট্রেট পক্ষপাতমূলক আচরণ করছে তাদের প্রত্যাহারের দাবি জানান তিনি।
অপরদিকে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত না করার জন্য ভ্রাম্যমাণ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন এ এইচ এম খায়রুজ্জমান লিটন।
তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তবে দীর্ঘ প্রতীক্ষার গ্যাস সংযোগের পর জনগণ আনন্দ মিছিল করবে এটাই স্বাভাবিক। এ জন্য কাউকে ধরে নিয়ে গিয়ে হয়রানি করা সঠিক হয়নি।
