২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চকলেট শ্রমিকদের মানববন্ধন

কোম্পানির লভ্যাংশ প্রদানসহ পাঁচদফা দাবিতে গাজীপুরের একটি চকলেট কারখানার শ্রমিকরা মানববন্ধন করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 08:00 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার শ্রীপুর উপজেলার বেরাইদের চালায় বহুজাতিক প্রতিষ্ঠান ‘পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ (প্রা.) লিমিটেডের শ্রমিকরা এ মানববন্ধন করে।

জেলা প্রসাশক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ মানববন্ধনে শতাধিক শ্রমিক অংশ নেয়।

তাদের দাবিসমূহ হল বাংলাদেশের শ্রম আইন এবং বহুজাতিক কোম্পানির নিয়মানুযায়ী বার্ষিক লভ্যাংশ প্রদান, ন্যূনতম মূল বেতন আট হাজার টাকা নির্ধারণ, প্রতিবছর শ্রমিকের মাথাপিছু প্রতিটন উৎপাদনের অনুকূলে বিশ টাকা প্রডাকশন বোনাস প্রদান, ঝুঁকিভাতা প্রদান ও অসৎ কর্মকর্তদের অপসারণ।

শ্রমিক মো. শামিম হোসেন জানান, এসব দাবিতে তারা গত ২ জুন থেকে কর্মবিরতি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না।

কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক রেজাউল কুদ্দুস ইমন জানান, বাংলাদেশের শ্রম আইন এবং বহুজাতিক কোম্পানির নিয়মানুযায়ী ২০০৯ সাল থেকে বার্ষিক লভ্যাংশ দেয়া হচ্ছে।

গত বছর লাভ কম হওয়ায় এবার লভ্যাংশ কম পাবে এমন ঘোষণা শোনার পর অন্দোলন শুরু করে তারা।

তারা মাথাপিছু বাৎসরিক লভ্যাংশ এক লাখ ৩০ হাজার টাকা দাবি করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

এ ব্যপারে শ্রীপুর থানায় জিডি করা হয়েছে।

এ কারখানায় এয়ার অ্যাকশন, অলপিন, সেন্ট্রাল ফ্রুট, মন্টোস ক্যান্ডি ও চুয়িংগাম উৎপাদন করা হয়।

একই দাবিতে গত ৫জুন তারা গাজীপুর জেলা প্রশাসক, ঢাকার বিজয়নগরের জয়েন্ট ডিরেক্টর অব লেবার, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের টঙ্গীর উপ-আঞ্চলিক পরিচালক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিচালকের কাছে ছয়দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় তারা।