২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্র ‘হত্যা’, ৫ বন্ধু আটক

গাজীপুর সদরে স্কুলছাত্র মো. সায়েমকে হত্যার অভিযোগে তার পাঁচ বন্ধুকে আটক করেছে পুলিশ। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার কোনাবাড়ির জয়েরটেক আহাকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার হয়।

পরে আদালতে হাজির করলে তাদের টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

সায়েম (১৩) ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

শুক্রবার উপজেলার জয়েরটেক আহাকী এলাকার একটি মাচের খামারে পানিতে ডুবে সায়েমের মৃত্যু হয়। স্বজনদের দাবি, তাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে।

জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম জানান, সায়েমকে হত্যা করেছে সন্দেহে জয়েরটেক আহাকী এলাকার হারাধনের ছেলে আকাশ, কবীর হোসেনের ছেলে শাকিল, জন রায়ের ছেলে লিমন, শাকিল ও জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সায়েমসহ এরা সবাই স্থানীয় হলি প্রমিজ পাবলিক স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

বিষয়টি হত্যাকাণ্ড কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই উপ-পরিদর্শক।

সায়েমের মা শাহিদা বেগমের দাবি, বন্ধুদের ব্যবহার করে কেউ তার ছেলেকে হত্যা করিয়েছে।

সায়েমের চাচা আনিচুর রহমান বলেন, বৃহস্পতিবার ওর এক বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ওরা সবাই মিলে বাড়ির পাশে একটি মাছের খামারে গেলে সাঁতার না জানায় সায়েম পানিতে নামেনি।

কয়েকজন বন্ধু সায়েমকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

কিন্তু সায়েমের বন্ধুরা ভয়ে সেদিন বিষয়টি আর কাউকে জানায়নি। রাতে সায়েম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মাইকিং করে।

পরদিন (শুক্রবার) প্রত্যক্ষদর্শী এক ছাত্র স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি বলে দেয়। ওইদিনই পুলিশ তার লাশ উদ্ধার করে।