হেফাজতে মৃত্যুর অভিযোগে সাভারে বিক্ষোভ-আগুন
সাভারের হেমায়েতপুরে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আগুন দেয়া হয়েছে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুলিশ বক্সে।
নিহত শামীম সরকারের (৩২) পরিবারের দাবি, আগের দিন রাতে আটক করে তার মুক্তির জন্য টাকা চায় সাভার থানা পুলিশ।
এরপর সকালে চার ব্যক্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে শামীম নামের এক ব্যক্তির লাশ ফেলে পালিয়ে যায় বলে হাসপাতালের কর্মীরা জানান।
পুলিশ হেফাজতে শামীমের মৃত্যুর অভিযোগ নিয়ে কোনো মন্তব্য না করলেও সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানিয়েছেন, যে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের একজন সকালে অস্ত্র জমা দিয়ে গেছেন।
শামীমের ছোট ভাই বিপ্লব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই এলাকায় জমি কেনা-বেঁচার ব্যবসা করতেন। বুধবার রাত ১০টার দিকে স্থানীয় একটি সিএনজি পাম্পের সামনে থেকে শামীম ও তার ভাগ্নে সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে সাভার থানা পুলিশের একটি দল, যাদের মধ্যে এসআই মুস্তাফিজুর রহমান ও সাজ্জাদ রুমন এবং এএসআই আকিদুল ইসলাম ও এরশাদ উকিল ছিলেন।
তাদের সবাই সে সময় সাদা পোশাকে ছিলেন বলেও বিপ্লব দাবি করেন।
রাত দেড়টার দিকে এএসআই আকিদুল তাকে ফোন করেন জানিয়ে বিপ্লব বলেন, “২০০২ সালের একটি হত্যা মামলায় শামীম ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাকে জানান ওই এএসআই। তবে দুই লাখ টাকা দিলে ওদের ছেড়ে দেয়া হবে বলে আমাকে জানানো হয়।”
এরপর গভীর রাতে থানার বাইরে তার ভাইকে নির্যাতন করে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলে ‘অন্যদের কাছে’ শুনেছেন বলে দাবি করেন বিপ্লব।
এদিকে, মিটফোর্ড জরুরি বিভাগের কর্মী জাহিদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে চার ব্যক্তি একটি প্রাইভেটকারে করে অসুস্থ অবস্থায় শামীম নামে গুরুতর অসুস্থ এক যুবককে হাসপাতালে আনেন। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে সিসিইউতে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই চার ব্যক্তি নিজেদের মৃত যুবকের স্বজন বলে পরিচয় দেন। তাদের একজন মৃতের চাচা, এক জন চাচাতো ভাই এবং আরেকজন তার পরিচিত বলে নিজেদের পরিচয় দেন।
তারা সঙ্গে থাকা প্রাইভেটকারে যুবকের মৃতদেহ ঢোকাতে গেলে হাসপাতালের এক কর্মচারী অ্যাম্বুলেন্সে করে লাশটি নিতে বলেন। তখন হাসপাতালের সামনের ফাঁকা জায়গায় ট্রলির ওপর লাশটি রেখে তারা প্রাইভেটকারে উঠে চলে যান।
বিপ্লবের দাবি, মিটফোর্ডে যে শামীমের লাশ গেছে, তিনিই তার ভাই। সাইফুলের কোনো খোঁজ পাননি বলে জানান তিনি।
তবে সাইফুল আশুলিয়া থানায় আছে জানিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি আমার হেফাজতে আশুলিয়া থানায় আছেন।”
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
দুজনকে গ্রেপ্তার ও শামীমের মৃত্যু নিয়ে জানতে চাইলে এসআই সাজ্জাদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই একটা ঘটনা ঘটেছে। তবে আমি ছিলাম না।”
তিনি কোথায় আছেন সে বিষয়ে বলতেও অস্বীকৃতি জানান থানার সিভিল টিমের প্রধান সাজ্জাদ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমাদের এসপি স্যার আপনাদের ব্রিফ করবেন।”
শামীমের মৃত্যুর খবর পাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে হেমায়েতপুরে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে সড়কে কাঠ জড়ো করে তাতে আগুন দেয় স্থানীয় যুবকরা।
পরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুলিশ বক্সেও বিক্ষোভকারীরা আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানা ।
