২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে লাশ ফেলে সটকে পড়লেন সঙ্গীরা

অ্যাম্বুলেন্সে করে লাশ নিতে বলায় এক যুবকের মৃতদেহ ফেলে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়েছেন কথিত চার স্বজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 06:37 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মী জাহিদুল ইসলাম বলেন, ভোরের দিকে চার ব্যক্তি একটি প্রাইভেটকারে করে  অসুস্থ অবস্থায় শামীম (৩৫) নামে এক যুবককে হাসপাতালে আনেন, যার বুকে ব্যথা ছিল। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে সিসিইউতে পাঠান। সেখানে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

জাকির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই চার ব্যক্তি নিজেদের মৃত যুবকের স্বজন বলে পরিচয় দেন। তাদের একজন মৃতের চাচা, এক জন চাচাতো ভাই এবং আরেকজন তার পরিচিত বলে নিজেদের পরিচয় দেন।

তারা সঙ্গে থাকা প্রাইভেটকারে যুবকের মৃতদেহ ঢুকাতে চেয়েছিলেন। এ সময় হাসপাতালের এক কর্মচারী অ্যাম্বুলেন্সে করে লাশটি নিতে বলেন।

“পরক্ষণেই ওই চারজন হাসপাতালের সামনের ফাঁকা জায়গায় ট্রলির ওপর লাশটি রেখে প্রাইভেটকারে উঠে দ্রুত চলে যান,” বলেন জাকির।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুর রর জানান, লাশটি জরুরি বিভাগে রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য কোতয়ালি থানাকে বিষয়টি জানানো হয়েছে।