ঋণ জালিয়াতি: প্রাইম ব্যাংকের এমডিকে তলব
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার বিকেলে ঋণ জালিয়াতি ঘটনার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগকারী কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য্য।
চিঠিতে ১০ জুন সকাল ১০ এহসান খসরুকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
২০১১ সালের সেপ্টেম্বরে এমডি হিসেবে প্রাইম ব্যাংকে যোগ দেন এহসান খসরু। এর আগে সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত এমডি ছিলেন।
এহসানকে তলবের কারণ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা ইকবাল বলেন, “বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনার সময় তিনি প্রাইম ব্যাংকের এমডির দায়িত্বে ছিলেন। তাই অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে চিঠি দেয়া হয়েছে।”
তিনি জানান, এ পর্যন্ত বিসমিল্লাহ গ্রুপের ঘটনায় ৬০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের বেশিরভাগই ছিলেন ব্যাংকটির সাবেক কর্মকর্তা।
দুদকের জনসংযোগকারী কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ভুয়া প্রতিষ্ঠানের কাগজপত্র দেখিয়ে দেশের ছয়টি ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বিসমিল্লাহ গ্রুপ। এই ৬টি ব্যাংক হল প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও জনতা ব্যাংক।
এই ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে ২৬ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক ইকবাল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি অনুসন্ধানী দল গঠন করে দুদক। দলের অন্যান্য সদস্যরা হলেন সহকারী উপপরিচালক তৌফিকুল ইসলাম, গুলশান আনোয়ার প্রধান, উপসহকারী পরিচলাক মঞ্জুর আহমেদ ও মো. আল আমিন।
