মাসব্যাপী গণসচেতনতা কার্যক্রম সিডিএ’র
জনবল সমস্যার পরও চট্টগ্রামকে ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত নগরী করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
বুধবার সিডিএ মিলনায়তনে ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়ে তুলতে মাসব্যাপী গণসচেতনতা কার্যক্রম উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শুক্রবার থেকে মাসব্যাপী এ কার্যক্রম শুরু হবে।
সিডিএ চেয়ারম্যান বলেন, “ক্রটিমুক্ত নগরী গড়ে তুলতে হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ উপলক্ষে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।”
শুক্রবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। বিকালে অনুষ্ঠিত হবে ‘ভূমিকম্প সহনীয় ইমারত নির্মাণ: বাংলাদেশ প্রেক্ষিত’ সেমিনার।
এছাড়া শনিবার থেকে সোমবার পর্যন্ত নির্মাণ শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কর্মসূচি এবং ১৬ জুন ‘ডিটেইল এরিয়া প্ল্যান: বাস্তবায়ন ও প্রতিবন্ধকতা’ বিষয়ক সেমিনার।
সভায় সিডিএ চেয়ারম্যান বলেন, সাভার ট্র্যাজেডির পর দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম শহরকে ঝুঁকিমুক্ত করে গড়ে তুলতে ইমারত বিধিমালা ও ডিটেইল এরিয়া প্ল্যান, ভূমিকম্প সহনীয় ইমারত নির্মাণসহ বিভিন্ন বিষয়ে পেশাজীবী এবং জনসাধারণকে অবহিত করতে এ আয়োজন।
রিং রোড নির্মাণে বরাদ্দ
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, আগামী বাজেটে সরকার একসঙ্গে সাড়ে চার’শ কোটি টাকা বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছে। রিং রোড নির্মাণে প্রথমে ৮৯৭ কোটি টাকা বরাদ্দ হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ কোটি টাকায়। তা আরও বেড়ে ১৯’শ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এ সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণের সকল টাকা খরচ করবে সরকার এবং অন্যান্য কাজের টাকা দিবে জাইকা।
তিনি বলেন, কর্ণফুলীর তলদেশে নির্মিত টানেলের সাথে এ সড়ক সংযোগ সড়ক হিসেবে কাজ করবে।
শহর রক্ষা বাঁধ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহর রক্ষা বাঁধের অনেক জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। জোয়ারের পানি বাড়লে যে কোন সময়ে শহরে পানি ঢুকে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ড সচেতন হলে চট্টগ্রামের মানুষ এ থেকে রক্ষা পাবে বলেও মনে করেন আবদুচ ছালাম।
অন্যদের মধ্যে সিডিএ’র বোর্ড সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউনুস গণি, সচিব তাহেরা ফেরদৌস ও উপ-সচিব অমল গুহ উপস্থিত ছিলেন।
