২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনা হস্তক্ষেপ এখন অসম্ভব’

অতীতে ঘটলেও বর্তমান বাস্তবতায় রাষ্ট্রক্ষমতায় সেনাবাহিনীর আসার সম্ভাবনা নাকচ করেছেন সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

গত ১৫ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি বলেছেন, “হয়তো অতীতের বিভিন্ন ঘটনা থেকে সবার মনে এ ধারণা জন্মেছে যে সেনাবাহিনী হয়তো কোথাও ইন্টারভেন করতে পারে। বর্তমান পরিপ্রেক্ষিতে অনুরূপ কোনো কিছু সম্ভব নয়।”

এর আগে ২৪ মার্চ বগুড়ায় এক জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এক বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে সেনাপ্রধান একথা বলেন।

ওই বৈঠকের কার্যবিবরণীতে সেনাপ্রধানের এই বক্তব্য লেখা রয়েছে, যার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে।

ওই বৈঠকে ‘দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আলোচনা’য় বিমান বাহিনী প্রধান  এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবও অসাংবিধানিক যে কোনো প্রক্রিয়ার বিরুদ্ধে নিজের অবস্থান জানান বলে কার্যবিবরণীতে দেখা যায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মতো দায়িত্ব পালন করবে।”

স্বাধীনতার পর বিভিন্ন সময়ে প্রায় দেড় দশক সামরিক শাসনে থাকা বাংলাদেশে খালেদার ওই বক্তব্য সেনাবাহিনীকে ক্ষমতা নেয়ার  উস্কানি হিসেবে দেখে সরকারি দলের নেতারা।

ওই বৈঠকের পর কমিটির সভাপতি এম ইদ্রিস আলীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বিরোধীদলীয় নেত্রী সংবিধান পরিপন্থী কাজ করেছেন। তার এই উস্কানিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়।” 

তবে বিএনপির পক্ষ থেকে পরে জানানো হয়, কোনো ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে তারা নন এবং খালেদা জিয়া সেই ধরনের কিছু বোঝাতে চাননি।

সেনাপ্রধান জেনারেল ইকবাল বৈঠকে বলেন, “আমরা সবাই শাসনতন্ত্রের প্রতি অনুগত। সংবিধানকে সমুন্নত রাখাই আমাদের শপথ।”

“একবিংশ শতাব্দীদে দাঁড়িয়ে সবাই গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে থাকে। যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সবসময় রাজনৈতিক নেতৃত্বের অধীনে পরিচালিত হয়ে থাকে এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই কার্যাবলি পরিচালনা করে।”

সেনাপ্রধান আরো বলেন, “সংবিধানকে সমুন্নত রাখতে হবে এবং বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা অবশ্যই তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সেখানে কোনো রকম ব্যতিক্রমের প্রশ্নই উঠে না।”

নৌপ্রধান ফরিদ হাবিবও সহকর্মীদের মতো বলেন, “সশস্ত্র বাহিনীর সবাই একসঙ্গে কাজ করে থাকে। সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব সবার।”

বিমান বাহিনী প্রধান ইনামুল বারী বলেন, তার বাহিনী সংবিধান, রাষ্ট্রপতি এবং সরকারের প্রতি সম্পূর্ণ আনুগত্য সহকারে কাজ করে যাবে। এখানে বিমান বাহিনীর কোনো সদস্য কিংবা বিমান বাহিনীর সংগঠন হিসাবে অন্য কোনো চিন্তা-ভাবনা বা কাজ করার সুযোগ নেই।

পুরনো খবর:

সেনাবাহিনী বসে থাকবে না: খালেদা 
‘খালেদার বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল, পদক্ষেপ নেয়া হবে’
‘সাংবিধানিক ধারা অব্যাহত রাখবে সশস্ত্র বাহিনী’