‘সাংবিধানিক ধারা অব্যাহত রাখবে সশস্ত্র বাহিনী’
দেশের চলমান সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনী তাদের ‘শপথ অনুযায়ী’কাজ করে যাবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন তিন বাহিনীর প্রধানরা।
বৈঠকের পর কমিটির সভাপতি এম. ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, “সংসদীয় কমিটির বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে তিন বাহিনীর প্রধানরা দ্ব্যার্থহীন কণ্ঠে বলেছেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তারা তাদের শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।”
যে কোনো পরিস্থিতিতে সংবিধান ও সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রেখে সমস্যার সমাধান করতে কমিটির বৈঠকে জোর দেয়া হয় বলে ইদ্রিস আলী জানান।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় জামায়াত-শিবির কর্মীরা বগুড়ায় তাণ্ডব চালানোর পর গত ২৪ মার্চ সেখানে এক জনসভায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মত দায়িত্ব পালন করবে।”
তার ওই বক্তব্যের পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলের নেতারা অভিযোগ করেন, খালেদা দেশে সেনা শাসন আনার উস্কানি দিচ্ছেন।
তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়, ওই বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়া সেনা শাসন বোঝাননি।
সংসদীয় কমিটির বৈঠকে খালেদা জিয়ার ‘উস্কানিমূলক’ বক্তব্যের সমালোচনা করেন সদস্যরা।
কমিটির সভাপতি ইদ্রিস আলী বলেন, “বিরোধী দলীয় নেতা সংবিধান পরিপন্থী কাজ করেছেন। তার এই উস্কানিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়।”
কমিটির সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠকে হেফাজতে ইসলামের কর্মসূচির পক্ষে বললে অন্য সদস্যরা তার সঙ্গে দ্বিমত পোষণ করেন বলে ইদ্রিস আলী জানান।
তিনি বলেন, “এরশাদ সাহেব বলেছেন, জামায়েতে ইসলাম কোনো ইসলামী দল নয়। তারা ইসলামবিরোধী কর্মকাণ্ড করে।”
ইদ্রিস আলীর মতে, হেফাজতে ইসলাম জামাতের ‘ইস্যুগুলো’ নিয়ে ‘তাদের স্বার্থেই’ মাঠে নেমেছে।
“ইসলামের হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। কোন মানুষ এ কাজ করতে পারে না। হেফাজতকে কে দায়িত্ব দিয়েছে? কেউ যদি ইসলাম নিয়ে বিচলিত হয়ে পড়ে তবে বুঝতে হবে তার ঈমানের শক্তি দুর্বল”, বলেন তিনি।
কথিত নাস্তিক ব্লগাদের শাস্তি, নারীনীতি বাতিল ও প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করাসহ ১৩ দফা দাবিতে সম্প্রতি মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলামী নামের চট্টগ্রামভিত্তিক সংগঠনটি, যাদের সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
জাতীয় পার্টি ও বিএনপির পক্ষ থেকেও হেফাজতের দাবির প্রতি সংহতি জানানো হয়েছে।
হেফাজতের ওই কর্মসূচি ঘিরে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সংসদীয় কমিটির বৈঠক প্রসঙ্গে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেছেন সদস্যরা।”
এছাড়া “সরকার উৎখাতের অপচেষ্টায় জড়িত পলাতক ষড়যন্ত্রকারীদের” খুঁজে বের করার কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এম ইদ্রিস আলীর সভাপতিত্বে কমিটির সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মঞ্জুর কাদের কোরাইশী এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি এম এ মান্নান ওই বৈঠকে অংশ নেন।
এছাড়া সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌ প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
